কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯, সাত দফায় ২৮১১

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯, সাত দফায় ২৮১১

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরো ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একযোগে এ অভিযান পরিচালনা করেন। এ নিয়ে সাত দফার অভিযানে মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮১১।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সি কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

তিনি আরো বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর। কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন