লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন, হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদ চোরের বিরুদ্ধে চুরিসহ নানান অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এ সময় আসামি রাশেদুল গ্রেপ্তার এড়াতে দুই পুলিশকে লক্ষ্য করে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমীনের হাতের কব্জিসহ শরীরের একাধিক স্থানে জখম হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়েছে ।
লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় দুইজন অফিসার আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রুহুলকে রংপুর ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হবে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল ইসলাম বলেন, এসআই রুহুল আমীনের সবচেয়ে বেশি জখম ছিলো। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রমজান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির হামলায় দুইজন অফিসার আহত হয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

