টিসিবির চালের বস্তায় ফ্যাসিস্ট হাসিনার স্লোগান

টিসিবির চালের বস্তায় ফ্যাসিস্ট হাসিনার স্লোগান

বিগত স্বৈরাচারী পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান সম্বলিত বস্তায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির নীলফামারীর ডিমলায় চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ও আগের দিন এমন দৃশ্যের দেখা মিলছে নীলফামারীর ডিমলা উপজেলার টিসিবি‘র বিভিন্ন পয়েন্টে।

বিজ্ঞাপন

বিতরণ এলাকায় সরেজমিন দেখা যায়, টিসিবির চালের বস্তায় লেখা রয়েছে- ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সরকারের পক্ষ থেকে এই নাম ও স্লোগান মুছে ফেলার নির্দেশনা দেওয়া হলেও স্থানীয় খাদ্য দপ্তর অজ্ঞাত কারণে তা মানছে না।

এলাকাবাসী মনে করছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসক আওয়ামী সরকারের পতন হয়েছে। তবে সেই সরকারের

প্রতিনিধি ও প্রেতাত্মারা এখনও কিছু কিছু জায়গায় বহাল তবিয়তে রয়েছে এবং খুব সুকৌশলেই তাদের কাজ করে যাচ্ছে। যে সরকারের শাসনে আপামর জনসাধারণ জুলুম ও নির্যাতন সহ্য করেছে, সেই সরকারের নাম এখন আবার চালের বস্তায় দেখতে পাওয়া এ জাতির জন্য জন্য অপমানজনক।

ডিমলা উপজেলার টিসিবির পণ্য সরবরাহকারী ডিলাররা সাংবাদিকদের জানান, অন্য জেলাগুলোতে টিসিবির বস্তা পরিবর্তন করা হলেও নীলফামারীতে এর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি আমাদের যে সব বস্তা সরবরাহ করা হয়েছে আমরা তাই ব্যবহার করে আসছি। কোনো কোনো জায়গায় বস্তা পরিবর্তন এবং বস্তার গায়ের স্লোগান লেখাটি কালো কালি দিয়ে মেশানো হলেও আমাদের বেশিরভাগ বস্তাতেই এখনও এসব পরিবর্তন করা হয়নি এবং এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রণ অফিস থেকেও আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি।

এ ব্যাপারে ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেক সাংবাদিকদের জানান, শেখ হাসিনার নাম ও স্লোগান থাকার কথা নয়। যদি এমন হয়ে থাকে, তবে এটা অন্যায় হয়েছে। তবে বিষয়টি ওসি এলএসডির দেখার দায়িত্ব বলে তিনি দায় এড়িয়ে যান।

এ ব্যাপারে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান মোহাম্মদ আজিজুল হাকিম সাংবাদিকদের জানান, নাম মুছে ফেলার কাজ চলমান রয়েছে। তবে অনিচ্ছাকৃত কিছু বস্তা থেকে যেতে পারে। আমরা বিষয়টি দ্রুত সমাধান করছি।

এ ব্যাপারে নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সৈয়দ আতিকুল হক সাংবাদিকদের জানান, বস্তা পরিবর্তন এই মুহূর্তে করা কঠিন। কারণ, এত বস্তা হুট করে সরবরাহ করা সম্ভব নয়। তবে নাম ও স্লোগান মুছে ফেলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এলএসডি হতে পুরোনো স্লোগান সম্বলিত বস্তা যাতে সরবরাহ করা না হয় সে বিষয়টি তিনি গুরুত্বের সাথে তিনি দেখবেন বলে দাবি করেন তিনি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন