সাঘাটায় অবৈধ ৩০ কয়লা কারখানায় গাছ পোড়ানোর মহোৎসব

সাঘাটায় অবৈধ ৩০ কয়লা কারখানায় গাছ পোড়ানোর মহোৎসব
গাইবান্ধার সাঘাটায় এভাবেই কয়লা কারখানায় পোড়ানো হচ্ছে গাছ। আমার দেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ী ও কিংকরপুরে কয়লার কারখানায় ৩০টি চুলায় দিনরাত গাছ পোড়ানো হচ্ছে। এলাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে এনে এসব চুলায় জ্বালানো হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে উজাড় হচ্ছে বনভূমি। কারখানাগুলোয় অবৈধভাবে কয়লা উৎপাদন করায় এলাকার বাতাস, মাটি ও ফসলের ওপর মারাত্মক বির্পযয় নেমে এসেছে।

সরেজমিন দেখা যায়, একেকটি চুলায় অন্তত ২০০ থেকে ২৫০ মণ কাঠ পোড়ানো হচ্ছে। ফলে বের হচ্ছে ব্যাপক ধোঁয়া, যার মাধ্যমে বাতাসের সঙ্গে মিশছে ক্ষতিকর পোড়া গন্ধ। এতে বাড়ছে মানুষসহ পশু-পাখির স্বাস্থ্যঝুঁকি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, কয়লার কারখানাগুলো অন্তত ৫৭ বছর ধরে চলছে। ২০২৫ সালে সেনাবাহিনীর অভিযানে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হলেও কারখানার মালিকেরা প্রভাবশালী হওয়ায় পুনরায় এসব কারখানা চালু করেছেন। তাদের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পান এলাকাবাসী।

জানা গেছে, কিংকরপুর গ্রামের রায়হান, শাহীন মিয়া, সোহাগ, বাদল এবং তাদের একটি সিন্ডিকেট এসব অবৈধ কারখানা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্য দিনদুপুরে কারখানাগুলো চললেও প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না।

স্থানীয় বাজারের কয়েকজন দোকানদার জানান, এদের তাণ্ডবে আমরা অসহায়। কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু বলেন, পুলিশ এর আগে ভেঙে দেয়। আবার কীভাবে তারা শুরু করল তা আমার জানা নেই।

এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর বলেন, পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা থেকে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন