গণভোটের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মাথায় বহিষ্কার লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান। সোমবার দুপুরে জেলা ছাত্রদলের এক জরুরি সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়।
একই সঙ্গে দলের অন্য নেতাকর্মীকে তার সঙ্গে যোগাযোগ না রাখার কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে রাকিবুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” লেখা একটি স্ট্যাটাস দেন।
ওই পোস্টটি নজরে আসার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাকিবুল হাসান জুলাই আন্দোলনে জেলা শহর ও আদিতমারী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২২ সালে তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছিলেন। ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলনে রাজপথে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় ছিলেন।
বহিষ্কার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাকিবুল হাসান বলেন, জুলাই আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। দেশের মানুষের অধিকার রক্ষায় গণভোট বাস্তবায়নের কথা বলেছিলেন। একটি ফেসবুক পোস্টের কারণে এভাবে দল থেকে বহিষ্কার করা হবে কল্পনাও করেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

