র্যাব-১৩-এর অভিযানে রংপুরের বদরগঞ্জ থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি শফিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার করে শুক্রবার সকালে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, জেলা দায়রা জজ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফি উদ্দিন নিজেকে বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকতে শুরু করেন। প্রশাসনের লোকজন তাকে খুঁজে পাচ্ছিল না।
মৃত্যুদণ্ড পাওয়া ওই আসামীকে ধরতে র্যাব-১৩-এর চৌকশ একটি আভিযানিক দল গোপনে তৎপরতা শুরু করে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমাদের কাছে তথ্য আসে, ওই আসামি বদরগঞ্জে অবস্থান করছেন। র্যাব-১৩-এর আভিযানিক দলটি রংপুরের বদরগঞ্জ পৌর শহরের পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খামার কুশা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফি উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিকে শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, এছাড়া এ ধরনের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারীসহ সব অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

