শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে দিনমজুর, শ্রমিক ও যানচালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নীলফামারীতে এই ভোগান্তি একটু বেশিই। তিন দিন ধরে এখানে দেখা নেই সূর্যের।
ভোর রাত থেকে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশাপাত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে কমছে না শীতের তীব্রতা। এতে দুর্ভোগে পড়তে হয় খেটে খাওয়া মানুষজনকে।
আজও দিনভর দেখা নেই সূর্যের। রাস্তায় সব ধরনের গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্ররা। কারো পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের তেমন উদ্যোগও দেখা যাচ্ছে না।
এদিকে ঠান্ডা বেড়ে যাওয়ায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

