রংপুরে চার খুন

চার্জশিট দাখিল করে সুবিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ

চার্জশিট দাখিল করে সুবিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ

রংপুরের আলোচিত ও চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার মাহবুবুর রশীদ।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে নগরীর দাসপাড়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী হত্যার আট দিন পর তার বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন মাহবুবুর রশীদ।

পুলিশ কমিশনার বলেন, মাদক শুধু রংপুরের সমস্যা নয়, এটি সারা দেশের একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান অভিযান ও কার্যক্রম দেখা যাবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে রংপুরকে শান্তি, নিরাপত্তা ও সুশাসনের নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করবে।

এর আগে গত ২০ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুস চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে ওই মামলায় কানু দাসের ছেলে মুগ্ধ দাস ও বিনয় দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন (আরপিএমপি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, বিভাগের গোয়েন্দা (ডিবি) শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী ও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন