দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

হাসিনাকে দেশে আসতে হলে বন্দিচুক্তির মাধ্যমেই আসতে হবে

হাসিনাকে দেশে আসতে হলে বন্দিচুক্তির মাধ্যমেই আসতে হবে
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু । ছবি: আমার দেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন দেশে আসেননি। এখন আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দিচুক্তির মাধ্যমেই তাঁকে আসতে হবে। তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী ও মাফিয়া দল আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে তারা শুধরাবে না।

শনিবার সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক নদীর পানিবণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে আসাদুল হাবিব বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় উত্তরের মানুষের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী আশার বাণী শুনিয়ে বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন দলীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে ত্রাণ মন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন