জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনা আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রেরণা হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এসব কথা বলেন।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি জুলাই শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি। জুলাই শহীদদের শাহাদতবরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার প্রেরণা।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। পাশাপাশি বিরোধী দলও সার্বিক সহযোগিতা করছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির এসএম খালিদুজ্জামান।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশ আবার ফ্যাসিবাদী ধারার দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের যে আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের কথা ছিল, তা এখনও বাস্তবায়িত হচ্ছে না।
তিনি বলেন, নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে পুরোনো ফ্যাসিবাদী ধারার কিছু বিষয় ধারণ করছে। পরে রংপুর-৬ আসনের সংসদ সদস্য রুহুল আমিনসহ স্থানীয় জামায়াত নেতারা আবু সাঈদের কবরের পাশে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও শোক র্যালি করেন।
এদিকে বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আবু সাঈদের কবর জিয়ারত করেন।
তিনি বলেন, “শহীদ আবু সাঈদের শাহাদতের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়। শহীদ আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিমের ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবু সাঈদকে হত্যা করলেও জুলাই আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি।”
অন্যদিকে আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর হোসেন মোহাম্মদ সাদ্দাম বলেন, “এখন পর্যন্ত গণহত্যার দাগ স্পষ্ট থাকার পরও বিচারের ক্ষেত্রে যে ধরনের বিলম্ব দেখতে পাচ্ছি, তা আমাদের মনে সন্দেহ সৃষ্টি করছে।”
তিনি সরকারের প্রতি দ্রুত বিচারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এ বিষয়ে সাড়া না পেলে রাজপথে আন্দোলনে নামতে হবে।”
জুলাই শহীদ দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে শহীদদের স্মরণ করা হয়। এ সময় বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনায় ন্যায়বিচার, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

