আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রংপুর-১ আসন

আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত ও বিএনপি প্রার্থীকে শোকজ

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত ও বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর-১ (সংসদীয় আসন-১৯) এলাকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

কমিটির চেয়ারম্যান ও রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সামিউল আলম স্বাক্ষরিত পৃথক নোটিশে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজীর বিরুদ্ধে নির্বাচনি এলাকায় বিভিন্ন স্থানে গাছের সঙ্গে ফেস্টুন টানানোর অভিযোগ উঠেছে। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭ (গ)-এর পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মোকাররম হোসেন সুজনের বিরুদ্ধে রংপুর মেট্রো পুলিশ লাইনের পাশে লিফলেট/হ্যান্ডবিল পোস্টার আকারে সাঁটানোর অভিযোগ আনা হয়েছে, যা একই বিধিমালার বিধি ৭ (ক) লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, এ ধরনের কার্যক্রম নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ ব্যাহত করতে পারে। আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। দুই প্রার্থীকে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রায়হান সিরাজীকে বেলা ১১টায় এবং মোকাররম হোসেন সুজনকে বেলা ১১টা ৩০ মিনিটে উপস্থিত থাকতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে মো. মোকাররম হোসেন সুজন বলেন, ‘নোটিশ এখনো পাইনি। নোটিশ পেলে আমরা যথাযথভাবে ব্যাখ্যা দাখিল করব।’ মো. রায়হান সিরাজী বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কোনো অভিযোগের জবাব আইনের মাধ্যমে দেব। এ বিষয়ে মো. মোকাররম হোসেন সুজনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবুর আলী বলেন, কমিটির নির্দেশনা পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নোটিশ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

কমিটির চেয়ারম্যান ও রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সামিউল আলম বলেন, নির্বাচনি আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিটি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...