লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর সাত বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজবাড়ির পাশে ভুট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এরআগে সোমবার দুপুরে দিকে নন্দিনী নিখোঁজ হয়। সে ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা প্রতিবেশি রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রের (২৩) বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় মালামালসহ কয়েকটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রাখে। এ কারণে বাড়ি থেকে বের হতে পারছেন না কেউ। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর থেকে হঠাৎ নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। রাতে আদিতমারী থানায় অভিযোগ না নিয়ে পুলিশ ফিরিয়ে দেয় বলে জানিয়েছেন শিশুটির বাবা নলিনী কান্ত।

এদিকে মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর গর্ত খুড়ে নন্দিনীর বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে কাজ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন