দিনাজপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির মাইকিং

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির মাইকিং

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। একই সাথে সীমান্ত সুরক্ষায় দিন-রাত নিরবচ্ছিন্ন নজরদারির পাশাপাশি টহল ও গোয়েন্দা তৎপরতা কয়েকগুণ বাড়ানো হয়েছে।

দিনাজপুর বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক, অস্ত্র ও চোরাচালান দমনের পাশাপাশি পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, আসন্ন ঈদের ছুটিতেও সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু পাচাররোধ করে দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বিজিবি সর্বদা আপসহীন। বর্তমানে সীমান্ত সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ ও সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক সভা এবং মাইকিং করা হচ্ছে। দেশের অখণ্ডতা রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...