বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মানবতার কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করছে। নানা ষড়যন্ত্র ও নির্যাতনের পরও জামায়াতের অগ্রযাত্রা থামানো যায়নি, ভবিষ্যতেও যাবে না।
শনিবার সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর নয়াসড়ক এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খা বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করছে। কিন্তু গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী বর্তমান সরকারি দল শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানি করছে। তারা পতিত ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত ও ১১ দলীয় ঐক্য সংসদে এবং রাজপথে সোচ্চার রয়েছে। কাঙ্খিত সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ। ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত জীবন, নৈতিকতা, জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা বাড়াতে হবে। সংগঠনের দায়িত্ব কোনো পদমর্যাদা বা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়, বরং এটি একটি আমানত। তাই নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
এ সময় জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনসহ মহানগর ও থানা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে মহানগরীর নবগঠিত সাংগঠনিক থানাগুলোর আমিরদের শপথবাক্য পাঠ করান মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-39386c-720x405.webp)