জলবায়ু ন্যায্যতার দাবি এবং বৈশ্বিক সংহতি ও ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে পাবনার চাটমোহরে পথসভা ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা এবং ওয়াটার কিপার বাংলাদেশের যৌথ আয়োজনে এ পথসভা ও সাইকেল র্যালির আয়োজন করা হয়।
আয়োজনে জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী করপোরেশনগুলোর জবাবদিহি নিশ্চিত করা, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, ঋণমুক্ত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরের দাবি জানানো হয়।
সংক্ষিপ্ত পথসভায় চলনবিল রক্ষায় আমরা-এর আহ্বায়ক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চলনবিল রক্ষায় আমরা-এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, চিকনাই নদী রক্ষায় আমরা-এর সদস্য সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।
পথসভা শেষে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

