বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম বলেছেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক মানবিক আন্দোলন। তাই যেকোনো দুর্যোগে মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই সেবার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে এবং আরও গতিশীল করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি এর পাশাপাশি রক্তদান কর্মসূচি এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোসাইটির প্রতিটি স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান এবং সিলেট ইউনিটের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির শাহী।
সভায় বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

