হবিগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হবিগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই জাগরণ পদযাত্রায় অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট মহানগর এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়।

বিজ্ঞাপন

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, “হবিগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতার ওপর নগ্ন আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ সময় সিলেট মহানগর এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা এনসিপির নিন্দা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই জাগরণের পদযাত্রা’র অংশ হিসেবে হবিগঞ্জে পূর্বঘোষিত শান্তিপূর্ণ পথসভায় সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় এনসিপি সিলেট জেলার পক্ষ থেকে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমেদ ও সদস্যসচিব কামরুল আরিফ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সশস্ত্র হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বর্বরোচিত হামলা শুধু একটি রাজনৈতিক দলের ওপর আঘাত নয়, বরং দেশের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহাবস্থানের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে তারা হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, পরিকল্পনাকারী ও মদদদাতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। হামলার পেছনে কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন