‘মাদক সমাজের অভিশাপ, প্রতিরোধ করাই হোক আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই দক্ষিণ মাঠে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পঞ্চগ্রাম মানবতার কল্যাণে উন্নয়ন ও যুব সংঘের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি জাহেদ তালুকদার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ এবং শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আরজু মিয়া।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক কয়েছ আহমেদ, প্রচার সম্পাদক ওলিউর রহমান ও উপদেষ্টা জুয়েল আহমেদ।
বক্তারা বলেন, শিমুলবাঁকসহ শান্তিগঞ্জে দিন দিন ইয়াবার ব্যবহার বেড়ে যাচ্ছে। ধীরে ধীরে বেকার যুবকেরা মাদকে জড়িয়ে পড়ছেন। এতে পরিবার ধ্বংস হচ্ছে, সমাজে চুরি-ছিনতাই বাড়ছে।
বক্তারা আরও বলেন, শুধু পুলিশ দিয়ে মাদক বন্ধ করা যাবে না। মাদক বিক্রেতাদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মাদকসেবীদের ঘৃণা না করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ সময় সুনামগঞ্জে সরকারি মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের দাবি জানান বক্তারা।
সভা শেষে সুনামগঞ্জের গীতিকার মনসুর সানির গান পরিবেশন করেন শিল্পী হাসনা হেনা ও মিতালি।
সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও যুবকেরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

