চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। তার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে তাতে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং নির্বাচিত হলে তার রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে আসে।
সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

