আকস্মিক পরিদর্শনে এমপি, তিন বিদ্যালয়ে মিলল না শিক্ষক

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

আকস্মিক পরিদর্শনে এমপি, তিন বিদ্যালয়ে মিলল না শিক্ষক
স্কুল পরিদর্শনে এমপি। ছবি: আমার দেশ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিন বিদ্যালয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এর মধ্যে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার দিকে, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ১০টার দিকে এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে গিয়ে কোনো শিক্ষককে পাননি।

বিজ্ঞাপন

এ সময় তিনি মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি।

মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘এমপি স্যার স্কুল পরিদর্শনের সময়ই আমাকে ফোন করেছিলেন। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ করা হয়েছে। লিখিত জবাবের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরিদর্শন শেষে এমপি কামরুল বলেন, ‘হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন