মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় একটি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গুড়িয়ে দেওয়া হয়েছে ভাটার কাঁচা ইট। বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামে ইটভাটায় এ অভিযানে এ জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪ ও ৫ এবং পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন ১৯৯৫ অমান্য করায় জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।
পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচা ইট নষ্ট করা হয়েছে। আপতত ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

