সাদাপাথর লুটপাটের পর তৎপর প্রশাসন

সাদাপাথর লুটপাটের পর তৎপর প্রশাসন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় লুটপাটের পর ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন করেছে দুদকের সিলেট কার্যালয়ের একটি দল। বুধবার দুপুরে পরিদর্শন শেষে লুটের ঘটনায় প্রশাসনের দায় রয়েছে বলে জানান দুদকের সিলেট কার্যালয়ের উপ পরিচালক রাফি মো. নাজমুস সাদাত।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটা মূলত স্থানীয় প্রশাসনের দায়িত্ব। প্রশাসন আরও সতর্ক থাকা প্রয়োজন ছিলো। তাদের আরও কার্যকর ভূমিকা রাখা দরকার ছিলো। এছাড়া খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ যেসব বিভাগ এর সাথে যুক্ত তাদের লুট ঠেকাতে ভূমিকা রাখেনি। এখানে কয়েকশ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা হয়েছে। পর্যটকরা সাদাপাথর এসে হতাশ হচ্ছেন। এতো সুন্দর পাথরগুলো লুটে নেওয়ায় তারা আফসোস করছেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা হয়েছে।

কারা এই লুটের সাথে জড়িত এমন প্রশ্নে তিনি বলেন, আশপাশে অনেক স্টোন ক্রাশার মিল রয়েছে। এগুলোতে এখান থেকে পাথর নিয়ে ভাঙা হয়। এছাড়া এর সাথে এখানকার প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় লোকজন এবং উচ্চস্থরের ব্যবসায়ীরা জড়িত বলে শুনতে পাচ্ছি। আমরা এসব তথ্য নিয়ে আরও কাজ করবো।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট থেকে সিলেটের বিভিন্ন কোয়ারি বিশেষ করে সাদাপাথর, জাফলং এবং লোভাছড়া থেকে পাথর লুটপাটের উৎসব চলছে। জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে লুটপাটের কাহিনী। রাজনৈতিক দলের প্রভাবশালীরা এসব লুটপাটের সাথে জড়িত থাকায় দল তাদের বহিস্কারও করেছেন। কিন্তু প্রশাসন এই লুটপাট রোধে দূঢ় কোনো পদক্ষেপ নেয়নি। দায়সারা গোছের অভিযান চালিয়েই তারা দায়িত্বপালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

লুটপাট শেষ হওয়ার পর পরিদর্শনে আসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দুদকের এই উপ পরিচালক বলেন, আমরা প্রধান কার্যালয়ের নির্দেশনায় কাজ করি। নির্দেশনা পেয়ে এখানে এসেছি। তাছাড়া সিলেট কার্যালয় থেকে সাদাপাথরের অনেক দূরত্ব। আমাদের জনবলও কম। এদিকে পাথরলুটের খবরে টাস্কফোর্স জাফলংয়ে অভিযান চালিয়েছে।

সাদাপাথরে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

বুধবার বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি জানান, লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাদা পাথরে কী হচ্ছে, কেন হচ্ছে এটি তদন্তের জন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববারের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য বলা হয়েছে।

সাদা পাথর লুটের সাথে প্রথম থেকে ওঠে এসেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের নাম। যদিও তিনি তা অস্বীকার করে আসছেন। পাথর লুটের অভিযোগে সোমবার তার পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। এছাড়া স্থানীয় পর্যায়ের বিএনপির আরও কয়েকজন নেতা লুটপাটে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তাদের বহিস্কার করা হয়েছে। উপজেলা পর্যায়ের লুটপাটকারীরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের আশির্বাদ পাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন