হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রেমিকের বাড়িতে গিয়ে স্ত্রীর দাবিতে অনশন শুরু করেছেন সুফিয়া আক্তার (১৮) নামে এক তরুণী। বৃহস্পতিবার উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে প্রেমিক রায়হান উদ্দীনের বাড়িতে অবস্থান নেন তিনি।
স্থানীয় সূত্র ও সুফিয়া আক্তারের বক্তব্যে জানা যায়, করাব ইউনিয়নের সিংহগ্রামের ইনছান আলীর মেয়ে সুফিয়া আক্তারের সঙ্গে মুড়িয়াউক গ্রামের হারুন মিয়ার ছেলে রায়হান উদ্দীনের প্রায় দুই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরবর্তী সময়ে নিয়মিত ফোনালাপের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি সুফিয়ার।
সুফিয়া আক্তারের দাবি, সম্পর্ক গভীর হওয়ার একপর্যায়ে রায়হান তাকে ঢাকার পুরান ঢাকার চানখারপুল এলাকায় একটি বাসায় নিয়ে রাখেন। সেখানে প্রায় এক সপ্তাহ অবস্থানকালে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলেও দাবি করেন তিনি। পরে রায়হান তাকে ঢাকার একটি রাস্তায় রেখে চলে যান বলে অভিযোগ সুফিয়ার।
সুফিয়া বলেন, রায়হান আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত আমি তার বাড়ি থেকে যাব না। রায়হানের কারণে আমার আগের স্বামীও আমাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন। বর্তমানে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ার আগের বিয়ে হয়েছিল সিংহগ্রামের মৃত আদম আলীর ছেলে সুবেলের সঙ্গে। প্রায় তিন মাস ধরে তিনি ওই স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছেন বলে জানা গেছে। এদিকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও রায়হানের পক্ষ রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড সদস্য নুরে আলম। তিনি বলেন, বিষয়টি শেষ করার জন্য চেষ্টা করেছি। কিন্তু রায়হানের পক্ষ না মানায় শেষ করা সম্ভব হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়হানের বাড়িতে অবস্থান নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন সুফিয়া আক্তার। তাকে দেখতে স্থানীয় লোকজনও সেখানে ভিড় করছেন। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তবে অভিযোগের বিষয়ে রায়হান উদ্দীন ও তার পরিবারের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, এ ব্যাপারে এখনো কেউ আমাদের কিছু জানায়নি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। স্থানীয়রা বলছেন, ঘটনাটি নিয়ে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নিয়ে প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

