সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সিলেটে বেড়াতে গিয়ে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই এবং সাবেক এক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশ তাদের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার আদালতে হাজির করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে তাদের হাজির করা হয়। পরে শুনানি শেষে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে আবদুল্লাহ শাওন আরমান, তার ছোট ভাই আবদুর শুক্কুর ও আবদুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা সাংবাদিকদের জানান, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় করা দুটি মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে। দুপুরে চার আসামিকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট থেকে গ্রেপ্তারের পর বুধবার রাতে তাদের কক্সবাজারে আনা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন