লোকালয় থেকে ১৮ ফুটের অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

লোকালয় থেকে ১৮ ফুটের অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয় থেকে ১৮ ফুটের অজগর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় পথচারী ওয়াসিম মিয়া অজগরটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় কয়েকজন সাপটি হত্যার চেষ্টা করেন।

পরে স্থানীয় সচেতন ব্যক্তিরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে গিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখান থেকে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অজগরটিকে নিরাপদে অবমুক্ত করা হয়েছে বলে জানান মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক।

তিনি বলেন, অজগর বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোকালয়ে অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন