মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার পর পুড়ে গেছে ১১টি কক্ষের মালামাল। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে খবর পেয়ে প্রথমে কমলগঞ্জ এবং পরে শমশেরনগর বিমানবাহিনী ইউনিট ও মৌলভীবাজার জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের পৃথক তিনটি দল এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষের ভাড়াটিয়া হকার্সদের মালামাল, আসবাবপত্রসহ ভবনের ব্যাপক ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, ভবনসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনী শমশেরনগর ইউনিটের স্কোয়াড্রন লিডার খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস দল নিয়ে এসে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলের সাথে সহযোগিতা করে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ ব্যাপারে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ বলেন, আমরা ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এ সময়ে শমশেরনগর বিমানবাহিনী ইউনিট ও মৌলভীবাজার জেলা সদর থেকে ফায়ার সার্ভিস টিমের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট না চুলা থেকে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

