পূর্ববিরোধের জেরে মৌলভীবাজারে মাদরাসাছাত্র হাসান আহমদ (১৫)কে এলোপাতাড়ি কুপানো ও শ্বাসনালি কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজহার নামীয় দুজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী ওই ছাত্র বর্তমানে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় টাউন কামিল মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী হাসান আহমদের (১৫) ওপর বর্বরোচিত হামলা চালায় কিশোর সন্ত্রাসীরা। তার শরীরে বিভিন্ন অংশে এলাপাতাড়ি কুপায় সন্ত্রাসীরা। এতে তার গলার শ্বাসনালি ও শরীরের বিভিন্ন অংশ কেটে দেওয়া হয়, এমনকি তার গোপনাঙ্গও কেটে দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। আহত হাসান সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের মিন্টু মিয়ার পুত্র।
মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার পিউরিয়ার সামনে ঘটনাটি ঘটার পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেটে রেফার্ড করা হলে সেখানেও তার অবস্থার উন্নতি না হলে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, শহর থেকে বাড়ি ফেরার পথে কুসুমবাগে একই এলাকার চার কিশোরসহ কয়েকজন হাসানের পথরোধ করে।
জানাযায়, ‘বড় ভাই’ বলা নিয়ে তর্কের এক পর্যায়ে তারা হাসানের ওপর চড়াও হয় এবং চাকু দিয়ে গলা ও শ্বাসনালিসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।
পরিবার ও মামলা থেকে জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্য ছানি, তাওহিদ ও রনির সঙ্গে হাসানের পূর্ববিরোধ ছিল। ছানি তাকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করার জন্য চাপ প্রয়োগ করত। হাসান এ বিষয়ে গুরুত্ব না দেওয়ায় হুমকি দেওয়া হয় এবং এই নৃশংস ঘটনা ঘটানো হয়। অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যেই অস্ত্র নিয়ে মহড়া দেয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে হাসানের পিতা মিন্টু মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় ৯/১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী সালমান (২৬) ও নুর আলম(২৬) কে গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ববিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-002427.jpg)