হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি এস. এম ফয়সল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে কাজ করছে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম ফয়সল বলেন, মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধী বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ওসি সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইদ্রিস আলী দুলা মিয়া, এসিএফ মোজাম্মেল হক ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

