সৌদিতে আটকের এক মাস পর হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের জামিন

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

সৌদিতে আটকের এক মাস পর হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের জামিন

সৌদিতে আটকের এক মাস পর জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। মঙ্গলবার দেশটির আদালত জামিন মঞ্জুর করলে তিনি কারাগার থেকে মুক্তি পান।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, পবিত্র হজ মৌসুমে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় গেলে ৯ মে তাকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই দিনে মক্কা প্রশাসন তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। পরে ১৪ মে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। ১৭ মে থেকে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়। এর আগে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট তার মুক্তির বিষয়ে উদ্যোগ নিলেও সৌদি কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আবদাল তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহমেদ আলী মুকিব সৌদি আরবের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আশা করছি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিনি দেশে ফিরবেন।

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, তিনি গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের ছুটি নিয়ে ওমরা পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। তরপর সেখানে কাগজপত্র সংক্রান্ত জটিলতায় পড়েন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন