বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক তালহা আলম। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তের প্রার্থী। আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটের লড়াইয়ে তালহাকেই চাইবে জমিয়ত।
এরআগে ২০২২ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন তালহা আলম। এ নির্বাচনে আ.লীগ প্রার্থীর আধিপত্যের নির্বাচনে তিনি সামান্য ভোটে পরাজিত হন। তবে এবার ভোটের মাঠে নিজেকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই মাঠে সরব হয়েছেন তিনি।
অনুসন্ধান করে জানা যায়, ২০২০-২১ সালে করোনাকালীন, ২০২২ সালের বন্যা এবং ২০২৪ সালে ঘূর্ণিঝড়ে তালহা আলম নিঃস্বার্থ ভাবে ২ কোটি টাকারও অধিক অনুদান নিজস্ব তহবিল থেকে জনগণের দোয়ারে পৌঁছে দেন। এছাড়াও যুব উন্নয়ন এবং ক্ষুদ্র সাহায্যের মাধ্যমে অনেক বেকার যুবককে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যার ফলে দলমত নির্বিশেষে জগন্নাথপুর-শান্তিগঞ্জে তালহা আলমের একটি নিজস্ব তরুণদের বলয় আছে।
তালহাকে নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমেও বেশ সরব ভূমিকায় আছেন তার সমর্থকরা। জগন্নাথপুরের ভবানীপুর এলাকার তরুণ আলিম উদ্দিন মুন্না স্ট্যাটাসে মন্তব্য করেন, জগন্নাথপুরের জনমনে তালহা আলম এক বিশ্বস্ত নাম। দলমত যাই হোক আমার, ব্যক্তি হিসেবে তালহা আলমকে চাই।
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক শান্তিগঞ্জ উপজেলার একজন বিএনপির দায়িত্বশীল বলেন, জোটের প্রার্থী তালহা আলম হলে আমাদের ভোট চাইতে সুবিধা হবে কারণ এলাকায় তার গ্রহণযোগ্যতা অনেক।
সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুস শহীদ জামালাবাদী বলেন, তালহা আলম হচ্ছেন আমাদের পরীক্ষিত ও মেধাবী প্রার্থী। ২০২২ সালে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও আমরা জানি কীভাবে ইভিএম কারচুপি হয়েছিল। এবার আমরা আগের চেয়ে শক্তিশালী এবং প্রত্যাশা করছি, বিএনপির প্রতীকে তালহা আলম জয়ী হবেন।
তালহা বলেন, করোনাসহ সকল দুর্যোগে জনগণের পাশে থেকেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। বিএনপির দুঃসময়ে ১২ দলীয় জোট এক কাতারে থেকে যুগপৎ আন্দোলন করেছি। ঢাকা-সিলেটসহ সর্বত্র আমি নিজে মাঠে ছিলাম। ড. মাহ্দী আমিনের মাধ্যমে ৩১ দফা কর্মসূচির ওপর প্রশিক্ষণ নিয়েছি। তাই রাজনৈতিক প্রেক্ষাপটে সুনামগঞ্জ-৩ আসন এখন জমিয়তের অধিকারের আসনে পরিণত হয়েছে। এখন সময় এসেছে জনগণ তার পরীক্ষিত সাথীকে মূল্যায়ন করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

