মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ৪৬ বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের দুটি টিম।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এ সময় ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অলি মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক অলি মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ক্ষমা চান। পরবর্তীতে অভিযোগের সত্যতা যাচাই-বাছাই শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪(চ) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, উপজেলায় যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা হচ্ছে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

