মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন ও চায়ের গুণগত মান উন্নয়নে ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি এবং ‘ওপেন ডে টি টেস্টিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) মিলনায়তনে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) আয়োজনে ‘প্রিন্সিপলস অ্যান্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফ্যাকচারিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেফালী বুনার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ইয়াছমিন পারভীন তিবরীজি, সদস্য (গবেষণা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মো. মোয়াজ্জম হোসাইন, চা বোর্ডের সচিব মো. মমিনুর রশিদ, চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, ফিনলে টি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তাহসিন আহমেদ চৌধুরী এবং ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেট, উত্তরাঞ্চল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞ প্ল্যান্টার, বাংলাদেশ চা বোর্ড, বিটিআরআই ও প্রকল্প উন্নয়ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
পরে বিটিআরআইয়ের টি টেস্টিং রুমে ‘ওপেন ডে টি টেস্টিং সেশন’ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মানসম্মত চা উৎপাদন, চায়ের গুণগত মান যাচাই এবং আধুনিক চা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিই এ প্রশিক্ষণ ও টি টেস্টিং সেশনের মূল লক্ষ্য।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

