সিলেট বিভাগে মে মাসে সড়কে ঝরলো ৫১ প্রাণ

সিলেট ব্যুরো

সিলেট বিভাগে মে মাসে সড়কে ঝরলো ৫১ প্রাণ

সিলেট বিভাগে এক মাসে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে মে মাসে। এই মাসে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রাণহানি হয়েছে। গত এপ্রিল এ সংখ্যা ছিল ১৫ জনে।

শনিবার (৬ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এরমধ্যে ২০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মে মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ঈদ যাত্রায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে মে মাসের সড়ক দুর্ঘটনায় এতো প্রাণহানি প্রধান কারণ হিসাবে, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়।

মে মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়,মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি সড়ক দুর্ঘটনায় ১১জন সিএনজি ও টমটম চালক ও আরোহী,১৮টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন চালক ও ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১০ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া মে মাসে নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন