বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

শ্রীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, গুলিবিদ্ধ ৯

শ্রীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, গুলিবিদ্ধ ৯
ছবি: আমার দেশ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের অভিযোগ, তাদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। এতে রাবার বুলেট বিদ্ধ অবস্থায় ৯ শ্রমিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আহত শ্রমিকেরা হলেনÑজেসমিন (২৮), শাহীনুর (৩৮), হাফিজা (২২), অলকা রাণী (৩০), নিলুফা (৩৬), সাথী (৩০), পেয়ার বেগম (৩৫), রেহেনা (২০) ও আবেদা (৩৫)। তাদের সবাই সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিক। প্রথম ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে তারা বেতন পাননি। বুধবারও বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ নানা অজুহাতে সময়ক্ষেপণ করে। এর মধ্যে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের বকেয়া বেতন না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ না করায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন তারা। বেতন না দিয়ে উল্টো পুলিশের বলপ্রয়োগে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় গুলি ছোড়ার অভিযোগ উঠলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

গুলি ছোড়ার বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিকুন্নাহার ইতি বলেন, রাবার বুলেট বিদ্ধ অবস্থায় ৯ জন শ্রমিক জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনে নেমে আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকেরা। তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন