শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ ‘টাইগার লাইটনিং’ মহড়া

শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ ‘টাইগার লাইটনিং’ মহড়া

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত অনুশীলন টাইগার লাইটনিং (টিএল)-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর। গত ১৯ জুলাই থেকে শুরু হওয়া এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদারের লক্ষ্য নিয়ে অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ পরিচালনা করা হয়। এই অনুশীলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৮৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞসহ ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে অনুশীলন সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করেন এবং স্মারক হিসেবে প্রত্যেককে ইনসিগনিয়া প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর, সিলেট অঞ্চলসহ উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন