সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে হেলাল মিয়া (৪৪), আটগাঁও গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৪৬) এবং উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে খিজির মিয়া।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে শাল্লা থানার এসআই (নি.) ইমাম আরেফিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আটগাঁও ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ইউনিয়নের ৬ নম্বর দৌলতপুর ওয়ার্ডের অটোস্ট্যান্ড মোড় এলাকায় হেলালের দোকানের সামনে পাকা সড়কের ওপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, হেলাল মিয়ার স্ত্রী উজ্জলা বেগম শাল্লার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে শাল্লা থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
শাল্লা থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

