সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগে তাদের বাবা কামরুল মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার চরনার ইউনিয়নের কামরুল মিয়া গত শুক্রবার বিকেল ৩টার দিকে নিজ বসতঘর থেকে বেরিয়ে যান। এ সময় তার চার সন্তানের মধ্যে ছেলে মুহাদ্দিস (৭) ও মেয়ে তুলনা (৪) খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা ও রাত পেরিয়ে গেলেও কামরুল ও তার দুই সন্তান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে কামরুল বাড়িতে ফিরলেও মুহাদ্দিস ও তুলনা ফেরেনি। পরিবারের সদস্যরা সন্তানদের বিষয়ে জানতে চাইলে কামরুল জানান, সিলেট থেকে তার দুই সন্তান হারিয়ে গেছে।
কামরুলের বক্তব্যে অস্পষ্টতা দেখা দিলে মঙ্গলবার এলাকাবাসী তাকে ডেকে দুই সন্তানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কামরুল জানান, পরদিন বুধবার সবকিছু খুলে বলবেন। কথামতো বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এলাকাবাসীর সামনে কামরুল স্বীকার করেন, তিনি তার দুই সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামরুলকে আটক করে।
এর আগে গতকাল মঙ্গলবার পুলিশ দেখার হাওর থেকে এক শিশুর লাশ উদ্ধার করে। বুধবার সকালে সদর থানা পুলিশ একই হাওর থেকে আরেকটি লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে কামরুল লাশ দুটি মুহাদ্দিস ও তুলনার বলে স্বীকার করেন।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কামরুল মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

