শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শাল্লা (সুনামগঞ্জ)

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার
ছবি: আমার দেশ

সুনামগঞ্জের শাল্লায় চোলাই মদসহ দেবব্রত তালুকদার (৩৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে জীবেশ দাশ (২৪) নামে আরেকজনকেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, দেবব্রত তালুকদার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং পুরারপাড় গ্রামের বজেন্দ্র তালুকদারের ছেলে।

জীবেশ দাশও একই গ্রামের বজেন্দ্র দাশের ছেলে। পুলিশ জানায়, রাত অনুমান ১০টার দিকে জীবেশ দাশের বাড়িতে চোলাই মদ বিক্রির সংবাদ পাওয়া যায়।

বিজ্ঞাপন

ওই সংবাদের সত্যতা যাচাইয়ের পর তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান চালায়। আসামি জীবেশ দাশের বাড়িতে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর সময় জীবেশ দাশ ও দেবব্রত তালুকদারকে ৩০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তিনটি সাদা প্লাস্টিকের কনটেনার উদ্ধার করা হয় এবং প্রতিটি কনটেনারে ১০ লিটার চোলাই মদ পাওয়া গেছে এবং এগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে দুজনকে মদসহ গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...