শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সমিতির সদস্যদের মধ্যে উপহার এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সুফি মিয়া।

পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন সমিতির সভাপতি মো. মছদ্দর আলী এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সম্পাদক শেখ সবুজ আলম।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মোছাব্বির আলী মুন্না, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।

সভায় জানানো হয়, ২০০২ সালে সাতটি গ্রাম নিয়ে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা ৯৪৮ জন। সমিতির কার্যক্রমের আওতায় পরিবহন, সিএনজিচালিত অটোরিকশা, সবজি ও ধানবীজ উৎপাদন, গবাদিপশু পালন, পান উৎপাদন, মৎস্য চাষ, হাঁস-মুরগির খামার, ক্ষুদ্র ব্যবসা, নার্সারি ও কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন খাতে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।

বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এসব খাতে মোট ২ কোটি ৪৯ হাজার ৫০০ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

সমিতির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে—কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ও হিমাগার স্থাপন, নিজস্ব ভবন ও প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ, সদস্যদের শতভাগ প্রশিক্ষণের আওতায় আনা এবং গবাদিপশু ও মৎস্য খামার প্রতিষ্ঠা। পাশাপাশি উপপ্রকল্প এলাকার রাস্তাঘাট উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ, কীটনাশকমুক্ত সবজি উৎপাদন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সদস্য ও স্থানীয় মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা, অ্যাম্বুলেন্স সেবা এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন উপহার এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন