বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কনফারেন্স হলের সামনে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই আন্দোলনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে সাংবাদিক আকবর হোসেন বলেন, গণতন্ত্র আর গণমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্রের জন্য যেমন গণমাধ্যম দরকার, তেমনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য গণতান্ত্রিক চর্চা দরকার। আরেকটি বিষয় হলো, সাংবাদিকতা অন্য আর দশটি পেশার মতো নয়; এই পেশায় আসার পর কেউ আপনাকে প্রশংসা করবে, আবার কেউ নিন্দা করবে—দুটোই গ্রহণ করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। একজন সাংবাদিকের মতাদর্শ থাকতেই পারে, কিন্তু সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা সবচেয়ে জরুরি। বস্তুনিষ্ঠতা বজায় থাকলে ব্যক্তিগত মতাদর্শ থাকার পরও সবার প্রতি ন্যায়বিচার করা সম্ভব।
তিনি আরও বলেন, একজন সাংবাদিকের স্বাধীন থাকার সবচেয়ে বড় শক্তি হলো তার সততা ও পেশাদারিত্ব। এই পেশাদারিত্বের মধ্য দিয়েই তিনি সরকার ও ক্ষমতাকে প্রশ্ন করবেন এবং স্বচ্ছতা নিশ্চিত করবেন। গণমাধ্যমের সততা ও পেশাদারিত্বের মাধ্যমেই সরকারের স্বচ্ছতা নিশ্চিত হয় এবং প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ তার বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার ওপর জোর দেন। অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে সত্য ঘটনা তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা এবং বরিশাল শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। এ সময় বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
অতিথিদের বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম সবাইকে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববিসাসের সাধারণ সম্পাদক ও আমার দেশের ববি প্রতিনিধি মাসুদ রানা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

