আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাতাহাতি, ভিসি-প্রক্টরসহ আহত ৮

সিলেট ব্যুরো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাতাহাতি, ভিসি-প্রক্টরসহ আহত ৮
প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলিমুল ইসলাম (বামে)। ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষকদের হাতাহাতির ঘটনায় ভিসি ও প্রক্টরসহ আটজন আহত হয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন কমিটি গত বছরের ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল। তবে দায়িত্বপ্রাপ্তরা নতুন কমিটি গঠনের উদ্যোগ না নিয়ে কালক্ষেপণ করায় সাদা দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, রোববার সাদা দলের বর্তমান কমিটির সভাপতি অধ্যাপক কাজী মেহতাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহানা বেগমের নেতৃত্বে সাতজন শিক্ষক ভিসির অফিসে গিয়ে ভিসিকে ‘জামায়াত ট্যাগ’ দিয়ে মব সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তারা ভিসিকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে চাপ সৃষ্টি করেন। বাধা দেয়ার চেষ্টা করলে ভিসিসহ নিরাপত্তাকর্মীরা লাঞ্ছিত হন।

খবর পেয়ে প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন আহাম্মদ, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ সামিউল আহসান তালুকদারসহ সাদা দলের অন্য শিক্ষকরা ভিসি অফিসে আসেন। এ সময় সাদা দলের সভাপতি কাজী মেহেতাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহানা বেগমের নেতৃত্বে অধ্যাপক এমদাদুল হক, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান তাদের ওপর চড়াও হন। হাতাহাতির এক পর্যায়ে প্রক্টর জসিম উদ্দিন আহাম্মদসহ অন্যরা আহত হন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘প্রশাসনিক অনিয়ম নিয়ে কথা বলতে গেলে উপাচার্য ও প্রক্টরের অনুসারীরা আমার ওপর হামলা চালায়। এতে আমার নাক ও মুখে আঘাত লাগে।’

উপাচার্য অধ্যাপক আলিমুল ইসলামের অভিযোগ, একটি নির্দিষ্ট গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তার দাবি, ওই গোষ্ঠীর কয়েকজন আগে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং আবারও সেসব পদ ফিরে পাওয়ার উদ্দেশ্যে পরিস্থিতি উত্তপ্ত করছেন।

তিনি বলেন, দুর্দিনে আমি বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচন করে শিক্ষক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছি। আজকে সাদা দলের নামধারী কিছু শিক্ষক যেভাবে মব সৃষ্টির চেষ্টা করেছে, তা অনাকাঙ্ক্ষিত। আমি সংশ্লিষ্ট সবার কাছে এ বিষয়ে বিচার দাবি করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন