জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের আজমিরীগঞ্জে আসছেন দলের শীর্ষ নেতারা।
ঘোষিত সূচি অনুযায়ী দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা আজকের কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কামাল আহমেদ।
কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা সদরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।
পরে দুপুর ১২টায় আজমিরীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে নেতারা বক্তব্য দেবেন।
তাদের আগমনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, তরুণদের অংশগ্রহণ এবং এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। কর্মসূচিকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আজমিরীগঞ্জে এনসিপির এই কর্মসূচি ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আয়োজকদের আশা, পদযাত্রা ও সমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

