সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার ও নির্মাণকাজ চলমান থাকায় যানজট ও জনভোগান্তি কমাতে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ১২ জুন থেকে এই সড়কাংশে যানবাহন চলাচলের জন্য বিশেষ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন হুমায়ুন রশীহ চত্বর হয়ে চন্ডিপুল পর্যন্ত একমুখী সড়ক ব্যবহার করবে। এর ফলে এই অংশে ঢাকামুখী যানবাহনের চলাচল আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, ঢাকা ও দক্ষিণাঞ্চল থেকে সিলেটে প্রবেশকারী যানবাহনগুলো চন্ডিপুল এলাকায় এসে বাম দিকে মোড় নিয়ে বঙ্গবীর রোড ব্যবহার করবে। এরপর তারা কদমতলী এলাকার নিজ নিজ বাস টার্মিনালে প্রবেশ করবে। নির্মাণকাজ চলাকালে যানবাহনের চাপ কমানো এবং সড়কে স্বাভাবিক গতি বজায় রাখার লক্ষ্যে এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল, বাবনা পয়েন্ট, ক্বীন ব্রিজের দক্ষিণ পাড় এবং কদমতলী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় সড়কের ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা বা অবৈধ পার্কিং করা যাবে না। এসব কর্মকাণ্ড যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে নাগরিক, পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সকলকে নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং যানজট নিরসনের স্বার্থে সবাইকে এই নির্দেশনা অনুসরণ করতে হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

