মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় সামছু মিয়া (৩০) নামে আরও একজন আহত হন। তাদের বাড়ি রংপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে শনিবার বিকেলে একই স্থানে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) ও মো. সিয়াম (১৮) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে এনামুল মিয়া ফাহিমের অবস্থার অবনতি ঘটে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রোববার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

