মৌলভীবাজার বিসিক শিল্প নগরীতে দুই মাস ধরে পানি সরবরাহ বন্ধ। পানি সংকট, ভঙ্গুর রাস্তা, ড্রেনেজ সমস্যা, ক্ষুদ্র শিল্পে বিভিন্ন সংস্থার অহেতুক হয়রানি এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে মানববন্ধন করেছে বিসিক শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি।
বুধবার দুপুরে শিল্প নগরীতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহবায়ক হিরাজ আলী। এসময় উপস্থিত ছিলেন বিসিকের উদ্যোক্তাগণ।
হিরাজ আলী বলেন, বিসিকের কেন্দ্রীয় পাম্পের মাধ্যমে সকল ফ্যাক্টরির পানি সরবরাহ করা হয়। কিন্তু দুই মাস ধরে এটি নষ্ট। একমাত্র পানির উৎস বন্ধ থাকায় উৎপাদন কার্যক্রম থেমে গেছে, কর্মচারীদের নিত্য ব্যবহার্য পানিও পাচ্ছি না। ফ্যাক্টরি বন্ধ থাকা সত্ত্বেও বিসিক অফিস ধীরগতিতে কাজ চালাচ্ছে এবং নিজেদের জন্য আলাদা টিউবওয়েল স্থাপন করেছে। অথচ মাসিক বিল বাধ্যতামূলকভাবে আদায় করা হচ্ছে।
সমিতির ৬ দফা দাবির মধ্যে জরুরি সেবা চালু ও পানি সমস্যার তাৎক্ষণিক সমাধান, ড্রেনের পানির নির্গমন পথ পশ্চিম দিকের সরকারি খাল পর্যন্ত সম্প্রসারণ ও প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, চলমান ড্রেনেজ কাজ দ্রুত সমাপ্তি এবং ভাঙা ড্রেন পুনর্নির্মাণ, ভঙ্গুর রাস্তা অবিলম্বে সংস্কার, ক্ষুদ্র শিল্পে অহেতুক হয়রানি বন্ধ, নিরাপত্তা জোরদার এবং স্ট্রিট লাইটের ব্যবস্থা করা।
উদ্যোক্তারা জানান, দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

