সিলেটে মাদ্রাসায় যাওয়ার পথে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের পেছনে তাকে হত্যা করা হয়। নিহত মাওলানা যুবায়ের আহমদ (৪৫) আখালিয়া বড়গুল এলাকার মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা নামের একটি মাদ্রাসার সুপার।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে মাওলানা যুবায়ের আহমদ কুপিয়ে হত্যা করে একই গ্রামের আল-আমিনের ছেলে নয়ন ও জিহাদ। এতে ঘটনাস্থলেই যুবায়ের আহমদ মারা যান। খবর পেয়ে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, মাওলানা যুবায়ের স্থানীয় যুবক নয়ন ও জিহাদকে নিজের ছেলের সঙ্গে চলাফেরা করতে নিষেধ করেন। এই ঘটনার রেশ ধরে বুধবার সকাল ৯টার দিকে মাদ্রাসা যাওয়ার পথে মাওলানা যুবায়ের আহমদকে কুপিয়ে হত্যা করে নয়ন। এই ঘটনায় জিহাদ নামের আরেক যুবকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দুইজনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

