১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই গ্রুপের মিছিল

১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই গ্রুপের মিছিল

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করেছে বিএনপির দুই গ্রুপ। শনিবার দুই পক্ষ থেকে মিছিল ও পাল্টা মিছিল করা হয়। পরে এক পক্ষ পূর্বনির্ধারিত সমাবেশও করেছে।

বিজ্ঞাপন

জানা যায়, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত নেতাকর্মী ও সমর্থকরা গত ৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে থানা পয়েন্টে সমাবেশ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

এরপর শনিবার পাল্টা সমাবেশের ডাক দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতাকর্মীরা। মাসুক চৌধুরীর পক্ষের আয়োজিত সমাবেশের প্রতিবাদ জানান সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা।

শুক্রবার রাতে তারা দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ মিছিল করে সমাবেশের প্রতিবাদ জানান। শনিবারের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই থানা পয়েন্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এ পরিস্থিতিতে ওসির অনুরোধে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে ১৪৪ ধারা উপেক্ষা করে উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করেন। এ সময় থানা পয়েন্টসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেন মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান ওবায়দুর চৌধুরী মিশু, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অসক রায়, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদারসহ অন্যরা।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। সকাল থেকেই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মিছিলের পর এক পক্ষ সমাবেশ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো সংঘাত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন