বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা বহাল

বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা বহাল

বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ১৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (বীমা শাখা) পক্ষ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা’র বিধি ৩-এর উপবিধি (২)-এ বর্ণিত ছকের কলাম (১)-এর ক্রমিক নং ১-এর বিপরীতে কলাম (২)-এ উল্লেখিত ‘২০২৬,’ সংখ্যা ও কমা বিলুপ্ত করা হয়েছে। এর ফলে ২০২৬ সালের নিবন্ধন নবায়নের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোকে ২০২৪ সালে অর্জিত প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা হারে ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ ফেব্রুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি গেজেটের মাধ্যমে নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে। বিষয়টি প্রকাশের পর থেকেই বেসরকারি খাতের জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলো এর তীব্র বিরোধিতা করে আসছিল।

বীমা কোম্পানিগুলোর দাবি ছিল, এভাবে ফি বাড়ানো হলে ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম অর্জনকারী একটি প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকায় দাঁড়াবে, যা খাতটির ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে।

এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে একে বীমা শিল্পের জন্য অযৌক্তিক আর্থিক বোঝা বলে অভিহিত করে। তবে আপত্তির মধ্যেই গত ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ২ টাকা ৫০ পয়সা হারে পরিশোধের নির্দেশনা জারি করে।

পরবর্তীতে বীমা কোম্পানিগুলোর দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ২০২৬ সালের জন্য নিবন্ধন নবায়ন ফি আগের হার, অর্থাৎ প্রতি হাজারে ১ টাকা বহাল রাখতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা জারির অনুরোধ জানায়। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতেই সরকার নতুন প্রজ্ঞাপন জারি করে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি আগের হারেই বহাল রাখে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন