পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএ। নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে সংগঠন দুটি। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের নির্ধারিত সময়সীমা থাকায় দ্রুত এ ঘোষণা প্রয়োজন বলে মনে করছে মালিকপক্ষ।
সোমবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে স্বাক্ষর করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই বৈঠকে মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল এবং এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল তারা। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।
এ পরিস্থিতিতে মজুরি নির্ধারণের প্রক্রিয়া দীর্ঘায়িত না করে তা দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠন দুটি। তাদের মতে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের তারিখ নির্ধারিত রয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন বেতনকাঠামো ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন পোশাকশিল্পের উদ্যোক্তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নে কারখানাগুলোর আর্থিক ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। তাই যত দ্রুত সম্ভব বোর্ডের কার্যক্রম শেষ করে নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন।
এদিকে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিজিএমইএ ও বিকেএমইএর দুই সভাপতি। একই সঙ্গে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থগিত হওয়া সভার নতুন তারিখ অনতিবিলম্বে নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

