বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
প্রতীকী ছবি

আন্তর্জাতিক বাজারে রেকর্ড দরপতনের পর আবার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৯৫.৬৪ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতেই দাম কমে ৪,০২২.০৯ ডলারে নেমেছিল, যা গত ২১ নভেম্বরের পর সর্বনিম্ন। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার বা আগাম বাজারদর শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,১১৬.২০ ডলারে।

বিজ্ঞাপন

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান স্টোনএক্সের সিনিয়র অ্যানালিস্ট ম্যাট সিম্পসন বলেন, স্বর্ণের দাম যেভাবে ৪ হাজার ডলারের দিকে নামছিল, তাতে বাজার ঘুরে দাঁড়ানোর একটা স্বাভাবিক সম্ভাবনা ছিলই। এই সুযোগে দরপতনের সুবিধা নেওয়া ব্যবসায়ীরা যেমন মুনাফা তুলে নিচ্ছেন, তেমনি লোকসানে থাকা ক্রেতারাও নতুন করে বাজারে ফিরছেন।

তিনি আরো বলেন, বুধবার কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশের পরও মার্কিন ডলারের সূচক খুব একটা শক্তিশালী হতে পারেনি। তাই প্রোডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) বা উৎপাদনকারী পর্যায়ে মূল্যস্ফীতির তথ্যে বড় কোনো নেতিবাচক চমক না থাকলে খুব দ্রুতই স্বর্ণের বাজারে একটি টেকনিক্যাল বা সাময়িক উত্থান দেখা যেতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও আজ ইতিবাচক হাওয়া লেগেছে। স্পট সিলভার বা রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩.৯৫ ডলার হয়েছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১,৬৭১.০৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ লাফিয়ে ১,২৪৮.৪৫ ডলারে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন